Search
Close this search box.

সত্যের সৌন্দর্য—শেষে জয়ীই হয়: তারেক রহমান

২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সত্যের সৌন্দর্য হলো এটি অপপ্রচার ও ষড়যন্ত্রের ওপর শেষমেশ অনিবার্যভাবেই জয়ী হয়। ন্যায় ও সুবিচার শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়।’

আজ রোববার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে খালাসের প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আসুন, রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হই। ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করি, যেখানে রাজনৈতিক মতবিরোধের কারণে কারো জীবন বা পরিবার ধ্বংস হবে না।’

তারেক রহমান আরও বলেন, ‘আমরা অঙ্গীকার করছি যে, বহু মতের, বিশ্বাসের ও মতাদর্শের বৈচিত্র্যে বিকশিত গণতন্ত্রের চেতনা ধারণ করব, যা বাংলাদেশের মানুষকে নির্বাচনী অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে ক্ষমতায়িত করবে।’