Search
Close this search box.

যেকোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ হোসেন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বেই অংশ নেবে বিএনপি। এছাড়া একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পাওয়ার পর তার দেশে ফেরার পথ আরও সুগম হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আজ রোববার (১ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও ফাতিহা পাঠ শেষে এসব কথা বলেন জাহিদ হোসেন।

গ্রেনেড হামলার মামলা থেকে খালাসের পর তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম হলো কি-না, এমন প্রশ্নে ডা. জাহিদ হোসেন বলেন, অবশ্যই (দেশে ফিরবেন)। আমরা সবসময় বলতাম, আমাদের দলের সবাই বলতো বেগম খালেদা জিয়ার নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজ প্রমাণিত, ওনার নামে যে সমস্ত মামলা দেওয়া হয়েছে, সেগুলো মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক ছিল দেখে সেগুলো থেকে খালাস পেয়েছেন।

আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে যেসমস্ত মামলা আদালতে যাচ্ছে, সেগুলো থেকে তিনি খালাস পাচ্ছেন, খারিজ হয়ে যাচ্ছে। এখনো বেশ কয়েকটা বাকি আছে। কাজেই আমরা আশাবাদী, যেকোনো সময় তিনি বাংলাদেশে ফেরত আসবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সসম্মানে বাংলাদেশে ফেরত আসবেন, যোগ করেন তিনি।