Search
Close this search box.

ইসলামে সাহাবিদের বিশেষ মর্যাদা

ইসলামে সাহাবিদের বিশেষ মর্যাদা
সংগৃহীত ছবি
রাসুলুল্লাহ (সা.)-এর সহচরবৃন্দ হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। তাঁরা জীবন বাজি রেখে ইসলামের জন্য আমৃত্যু কাজ করেছেন। তাদের মাধ্যমেই উম্মতের কাছে পৌঁছেছে কোরআন ও সুন্নাহ তথা ইসলামের পুরো শিক্ষা। কাজেই ইসলামে তাঁদের বিশেষ মর্যাদা রয়েছে।

সাহাবি বলা হয়—যিনি ঈমানের সাথে রাসুলুল্লাহ (সা.)-কে দেখেছেন এবং ইসলামের ওপর ইন্তেকাল করেছেন। ইবন কাসির (রহ.) বলেন, ‘যে ব্যক্তি মুসলিম অবস্থায় রাসুলুল্লাহ (সা.)-কে দেখেছেন তিনিই সাহাবি; যদিও তার দীর্ঘ সাহচর্য নেই বা তাঁর থেকে কোন হাদিসের বর্ণনা নেই। তবে রাসুলুল্লাহ (সা.)-এর সাহচর্যের সময় অনুপাতে তাদের সাহাবিত্বের মর্যাদা নির্ণয় হয়। ইমাম বুখারি (রহ.) তার সহিহ বুখারির সাহাবিদের মর্যাদার পরিচ্ছেদে বলেছেন—‘যে ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-এর সাহচর্য লাভ করেছেন অথবা যে মুসলিম তাঁকে দেখেছেন তিনি সাহাবিদের অন্তর্ভুক্ত।’ (বুখারি, পরিচ্ছেদ : সাহাবিদের মর্যাদা)

সাহাবিরা আল্লাহর সন্তুষ্টিপ্রাপ্ত

সাহাবিরা মহান আল্লাহর এমন সুপথপ্রাপ্ত বান্দা যাদের প্রতি আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারাও মন থেকে ইসলাম পেয়ে ও অনুসরণ করে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ‘তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাদের শক্তিশালী করেছেন তাঁর অদৃশ্য শক্তি দ্বারা। তিনি তাদের জান্নাতে দাখিল করবেন, যার তলদেশে নদী প্রবাহিত। তারা তথায় চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তারাই আল্লাহর দল। জেনে রেখো, আল্লাহর দলই সফলকাম হবে।’ (সুরা মুজাদালা, আয়াত : ২২)