হাফসা বিনতে আব্দুর রহমান (রহ.)। রাসুলুল্লাহ (সা.) কর্তৃক প্রেরিত হজের কাফেলার প্রথম আমির ও ইসলামের প্রথম খলিফা আবু বকর (রা.)-এর নাতনি। তাঁর জৈষ্ঠ ছেলে আব্দুর রহমান (রা.)-এর মেয়ে। উম্মুল মুমিনিন আয়েশা (রা.)-এর অতি প্রিয় ভাতিজি। মায়ের দিক থেকে উম্মুল মুমিনিন উম্মে সালামা (রা.)-এর ভাগিনী। ছোট সময় থেকে তিনি এই মহান ব্যক্তিদের মাঝে বেড়ে উঠেন। ফলে বংশগতভাবে অর্জিত গুণাবলির পাশাপাশি উত্তম দীক্ষায় তিনি শ্রেষ্ঠ নারী তাবেঈ হিসেবে পরিণত হন।
হাফসা বিনতে আব্দুর রহমান তাঁর ফুফু উম্মুল মুমিনিন আয়েশা (রা.)-এর কোলেই লালিতপালিত হন। আয়েশা (রা.) স্নেহ-ভালোবাসা দিয়ে তাঁকে বড় করে তোলেন। আদরের এই ভাতিজির বয়স অনুপাতে প্রতিটি প্রয়োজন পূরণে তিনি সদা তত্পর ছিলেন। হাফসা যখন বড় হন, তখন তিনিই তাঁকে বিবাহ দেন। বিবাহের পাত্র হিসেবে বেছে নেন তাঁরই বোন আসমা (রা.)-এর ছেলে কুরাইশদের প্রসিদ্ধ ব্যক্তিত্ব, মহাবীর মুনজির বিন জুবাইর বিন আওয়ামকে। তাঁর পিতা আব্দুর রহমান (রা.) বিবাহে উপস্থিত ছিল না। তিনি সফরে শেষে ফিরে এসে যখন বিবাহের সংবাদ শুনলেন তখন প্রথমে খুব রেগে গেলেন। এই বিবাহকে মানতে অস্বীকার করলেন। অতঃপর পুরো বিষয়টি তাঁর কাছে ব্যাখ্যা করা হলে তাঁর রাগ প্রশমিত হয় এবং তিনি সানন্দে মেনে নেন। (মুআাাত্তা ইমাম মালেক, হাদিস : ২০৪০)
এই বরকতময় বিবাহে হাফসা (রহ.) দুটি ছেলে ও একটি মেয়ের জন্ম দেন। যাদের নাম ছিল আব্দুর রহমান, ইবরাহিম, কারিনাহ। তাঁরা সবাই নিজ পিতা-মাতার উত্তম তারবিয়াতের ছায়ায় বড় হয়ে যুগের শ্রেষ্ঠ মনীষীতে পরিণত হন।