Search
Close this search box.

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, ভোগান্তিতে ক্রেতারা

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট বেড়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজারে হাতে গোনা দু-তিনটি ব্র্যান্ডের তেল মিললেও চাহিদার তুলনায় তা পর্যাপ্ত নয়। বিশেষ করে এক ও দুই লিটারের বোতলের সরবরাহ একেবারেই কম বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা।  

তবে বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের সরবরাহ ঠিক আছে, পণ্য দুটির দামও কিছুটা কমেছে। বাজারে প্রায় এক মাস ধরে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট চলছে। সরকার ভোজ্য তেল আমদানিতে ভ্যাট কমালে সরবরাহ কিছুটা বাড়ে। তবে এক সপ্তাহ ধরে বোতলজাত সয়াবিনের সরবরাহ আবার কমিয়ে দিয়েছে কম্পানিগুলো। 

তবে বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের সরবরাহ ঠিক আছে, পণ্য দুটির দামও কিছুটা কমেছে।

গতকাল রবিবার রাজধানীর রামপুরা, বাড্ডা, মহাখালী ও জোয়ারসাহারা বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাড্ডার মুদি বিক্রেতা মো. আব্দুল লতিফ বলেন, ‘আগে নিয়মিত পাঁচ থেকে ছয়টি কম্পানি তেল দিত, দুই থেকে তিন সপ্তাহ ধরে মাত্র দুটি কম্পানি তেল দিচ্ছে, যা দিয়ে আমাদের চাহিদার ১০ শতাংশও পূরণ হচ্ছে না। বাকি কম্পানিগুলোর ডিলাররা জানাচ্ছেন, তারা নাকি কম্পানি থেকে তেল পাচ্ছেন না। আগে সপ্তাহে আমাকে তিনটি কম্পানি প্রায় ২০ কার্টন করে তেল দিত। এখন সেই তিন কম্পানি একটাও তেল দিচ্ছে না।’ তিনি বলেন, এখন ক্রেতারা দোকানে এসেই আগে তেল খোঁজেন। যদি তেল দিতে না পারি, পণ্য কিনতে চান না তারা। বাজারে নতুন করে তেলের দাম বাড়াতেই কম্পানিগুলো এমন টালবাহানা করছে বলেও এই বিক্রেতা জানান।

কারওয়ান বাজারের মুদি দোকানের বিক্রয় সহকারী বেলাল উদ্দিন বলেন, ‘দুই সপ্তাহ ধরে চাহিদার অর্ধেকও বোতলজাত সয়াবিন তেল পাচ্ছি না।

কম্পানিগুলো ডিলারদের ঠিকমতো তেল না দেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। দাম বাড়াতেই এমন কারসাজি হচ্ছে।’