Search
Close this search box.

বড় ব্যবধানে অ্যান্টিগা টেস্ট হারলো বাংলাদেশ“

চতুর্থ দিনে সকালের আদ্রতা কাজে লাগিয়ে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত অলআউট করে দিয়ে লক্ষ্য তাড়ায় চোখ ছিল বাংলাদেশের। সেখানে সফলও টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৫২ রানে গুটিয়ে দিয়ে ৩৩৪ রানের টার্গেটে নামে সফরকারীরা। কিন্তু ব্যাটারদের নিদারুণ ব্যর্থতায় অ্যান্টিগা টেস্টে বড় হারই জুটল বাংলাদেশের কপালে। 

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) টেস্টের পঞ্চম দিনে তেমন প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ। হাতে থাকা ৩ উইকেট নিয়ে খেলতে নেমে ৪০ মিনিটেই গুটিয়ে যায় সফরকারীদের শেষ ইনিংস। ১৩২ রানে থামে টাইগাররা, আর ২০১ রানের বিশাল জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা। 

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে এদিন ৭ উইকেটে ১০৯ রান নিয়ে শেষদিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই শূন্যহাতে বিদায় নেন হাসান মাহমুদ। কিছুক্ষণ পর শেষ পরীক্ষিত ব্যাটার হিসেবে জাকের আলী ৩১ রানে বিদায় নিলে হার সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ায়। 

ইনিংসের ৩৮তম ওভার খেলার পর জানা যায়, কাঁধের পেছনের অংশে আঘাত পাওয়ায় আর খেলা চালিয়ে যেতে পারবেন না শরীফুল ইসলাম। রিটায়ার্ড হার্ট হয়ে তিনি ড্রেসিংরুমে ফেরায় ৯ উইকেটে ১৩২ রানে থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।

এর আগে, প্রথম ইনিংসে জাস্টিন গ্রেভসের সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ৪৫০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। সেই রান তাড়ায় নেমে ৯ উইকেটে ২৬৯ রানে ইনিংস ঘোষণা করে মেহেদী হাসান মিরাজের দল।