Search
Close this search box.

দেশে ক্রেডিট কার্ডের সুদহার বাড়ছে ২৫ শতাংশ

বাংলাদেশ ব্যাংক ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সুদহার বাড়িয়ে ২৫ শতাংশ নির্ধারণ করেছে। এতদিন এ সুদের হার ছিল ২০ শতাংশ। নতুন নির্দেশনা আগামী ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

রোববার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ক্রেডিট কার্ডের গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ২৫ শতাংশ সুদ নেওয়ার অনুমতি দেওয়া হলো। এ সিদ্ধান্ত ব্যাংকগুলোর ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা, নীতি সুদহার এবং ক্রমবর্ধমান তহবিল ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখার লক্ষ্যে নেওয়া হয়েছে। ব্যাংকগুলো তাদের তহবিল ও ঋণের চাহিদা বিবেচনায় এই হার নির্ধারণ করবে।

এতে আরও বলা হয়, ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো তাদের প্রদত্ত বিনিয়োগের ক্ষেত্রে উল্লিখিত নির্দেশনা অনুসরণ করত মুনাফার হার নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৯(২)(চ) ও ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা দেওয়া হলো, যা আগামী ১ জানুয়ারি হতে কার্যকর হবে।

সম্প্রতি বিভিন্ন ব্যাংক ক্রেডিট কার্ডের সুদহার বাড়ানোর আবেদন জানিয়েছিল। ব্যাংকগুলোর এই প্রস্তাব বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক সুদের হার ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয়।